বার্তা সংস্থা আবনা : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সিরিয় সেনারা বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের চূড়ান্তভাবে পরাজিত করতে পারবে বলে তার দৃঢ় প্রত্যয় রয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য যে কোনো হামলার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে এবং সিরিয় জনগণ গোলান মালভূমিতে ইসরাইলি অবস্থানের ওপর হামলা চালানোর জন্য দামেস্ক সরকারকে চাপ দিচ্ছে।
লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে এ সব কথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ার বিরুদ্ধে বিশ্বযুদ্ধ শুরু করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ার অবস্থানের কারণে এ যুদ্ধ শুরু করা হয়েছে; কিন্তু সিরিয়া এ যুদ্ধে বিজয়ী হবেই।
রাজধানী দামেস্ক থেকে ৩৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত আর-রিহানিয়া এলাকায় আল-কায়েদার সঙ্গে জড়িত আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীর অনেক সদস্য সিরিয় সেনাবাহিনীর হাতে নিহত হওয়ার দিনটিতে এ কথা ঘোষণা দিলেন আসাদ।
সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা চালানোর কথা উল্লেখ করে প্রেসিডেন্ট আসাদ বলেন, বারবার ইসরাইলি আগ্রাসনসহ নানা কারণে দেশের জনগণ গোলান মালভূমিতে পাল্টা হামলার জন্য চাপ দিচ্ছে। তিনি বলেন, ইহুদিবাদী হামলার প্রেক্ষাপটে যারাই সিরিয়ার সঙ্গে যোগাযোগ করেছে তাদের সবাইকে জানিয়ে দেয়া হয়েছে– ইসরাইল যদি আবার কোনো আগ্রাসন চালায় তবে সিরিয়া তার দাঁতভাঙ্গা জবাব দেবে।
১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমি দখল করে নেয়।